যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় দেশটি থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশীসহ বাংলাদেশে সরকারি মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।
গত ফেব্রুয়ারি থেকেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রচেষ্টা জোরদার করে। গত দেড়মাস ধরে বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসন মামলায় হেরে গিয়েছিলেন।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্ক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গোলাম রসুল বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা ৩১ জন বাংলাদেশি নাগরিককে পেয়েছি। সম্প্রতি, দুইদিন আগে একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচজন এসে পৌঁছেছেন’ বলে জানান তিনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এই ফেরত পাঠানোর প্রক্রিয়ার আগে ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৩ ফেব্রুয়ারি একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন অংশ নেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ৫ মার্চ অনুষ্ঠিত এক পরবর্তী বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশিদের গ্রহণে লজিস্টিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হবে- এমন বাংলাদেশিদের সংখ্যা কয়েক হাজার হতে পারে।’
বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, মার্কিন দূতাবাসের কর্মকর্তারা অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন, এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য অংশীদার দেশগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।