যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চীনা পণ্যের উপর ওয়াশিংটনের অতিরিক্ত ১০% শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করেছে চীন। আজ রোববার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ।
মুখপাত্র বলেন যে, ফেন্টানাইল ইস্যুর কারণে চীনা পণ্যের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চীন এতে তীব্র অসন্তুষ্ট এবং এর তীব্র বিরোধিতা করে। চীন নিজের বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।
মুখপাত্র বলেন যে, এ বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক এবং দৃঢ়। বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক যুদ্ধে কোনও বিজয়ী হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থ হয় না, বরং উভয়পক্ষের জন্যই ক্ষতিকর এবং বিশ্বের জন্যও উপকারী নয়।
মুখপাত্র বলেন, চীন বিশ্বের অন্যতম কঠোর মাদকবিরোধী নীতি এবং সবচেয়ে কঠোর প্রয়োগকারী দেশ। ফেন্টানাইল আমেরিকার সমস্যা। মানবতাবাদের চেতনায়, চীন ফেন্টানাইল সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন প্রদান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে, চীন ২০১৯ সালে ঘোষণা করে যে তারা আনুষ্ঠানিকভাবে ফেন্টানাইল-সদৃশ পদার্থগুলোকে একটি সম্পূর্ণ বিভাগ হিসাবে তালিকাভুক্ত করবে, যা হবে বিশ্বে প্রথম। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক মাদকবিরোধী সহযোগিতা চালিয়েছে এবং উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। এটি সকলের কাছে স্পষ্ট। অন্যান্য দেশকে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরিবর্তে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজস্ব ফেন্টানাইল সমস্যাটিকে বস্তুনিষ্ঠ এবং যুক্তিসঙ্গতভাবে দেখা এবং পরিচালনা করা। অতিরিক্ত শুল্ক আরোপের অনুশীলন গঠনমূলক নয় এবং অনিবার্যভাবে মাদক নিয়ন্ত্রণে উভয়পক্ষের মধ্যে ভবিষ্যতের সহযোগিতাকে প্রভাবিত করবে এবং দুর্বল করবে।
মুখপাত্র বলেন, চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ভুল অনুশীলন সংশোধন করতে, চীন-মার্কিন মাদক বিরোধী সহযোগিতার কষ্টার্জিত ভালো পরিস্থিতি বজায় রাখতে এবং চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুস্থ এবং টেকসই উন্নয়নকে উত্সাহিত করার আহ্বান জানিয়েছে।
সূত্র: স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।