জার্মানবাংলা ডেস্ক, ২৫ জুন : নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গোলযোগপূর্ণ মধ্যাঞ্চলের সন্দেহভাজন রাখালদের হামলায় ৮৬ জন নিহত হওয়ার পর রোববার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
প্লাতেয়াউ রাজ্যের নারিকিন লাদি এলাকায় বৃহস্পতিবার ফুলানি রাখালদের ওপর জাতিগত বেরোম কৃষকরা হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়।
রাজ্য পুলিশের কমিশনার উনদি আদি বলেন, শনিবার এলাকাটির বেরোম গোষ্ঠীর গ্রামগুলোতে তল্লাশী চালানো হয়েছে। সেখানে ‘একসঙ্গে ৮৬ জনকে হত্যা করা হয়েছে।’
আদি সাংবাদিকদের বলেন, এই সহিংসতায় ছয় জন আহত ও ৫০টি বাড়িঘর ধ্বংস করে দেয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জমি ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের সর্বশেষ ফলাফল এই মৃৃত্যু প্রেসিডেন্ট বুহারিকে আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনের আগে চাপের মধ্যে ফেলে দিয়েছে।