লেবানন থেকে নিয়মিত বাংলাদেশিদের মধ্যে ২০ অক্টোবর প্রথম ধাপে শিশুসহ ৫৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে।তারা রবিবার রাতে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে জেদ্দা হয়ে আজকে সন্ধ্যায় বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে বলে দূতাবাস জানিয়েছে।
এছাড়া অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে দূতাবাসে নাম লিপিবদ্ধ করেছে তাদের সবাই কোন ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবে বলে দূতাবাস জানায়।দেশটির জেনারেল সিকিউরিটি যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দূতাবাসের অনুরোধে সবার অর্থদন্ড মওকুফ করে দিয়েছে।এতে খুশি অনিয়মিত বাংলাদেশিরা।
নিয়মিত ও অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়ে দূতাবাসে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি।
গতকাল সন্ধ্যায় লেবাননে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানবীর খান ও দূতাবাসে প্রথম সচিব (শ্রম) মোঃ আনোয়ার হোসেন সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিতিতে তাদের বিদায় জানানো হয়।
যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।