বুধবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভিডিও আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, টিকা কার্যকর হলে এটি যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলক হবে না। হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের এ সদস্য বলেন, ‘টিকা নেওয়ার জন্য আপনি কাউকে বাধ্য করতে বা কাউকে জোর করার চেষ্টা করতে পারেন না। আমরা আগে কখনো তা করিনি।’
ফাউসি বলেন, ‘ভবিষ্যৎ কোভিড-১৯ টিকা সাধারণ মানুষের জন্য বাধ্যতামূলক করার কথা সরকার ভাববে না। তবে স্থানীয় প্রশাসন চাইলে শিশুদের মতো কিছু গ্রুপের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করতে পারে।’
ফাউসি টিকা বাধ্যতামূলক করা নিয়ে বলেন, স্বাস্থ্যকর্মীসহ নির্দিষ্ট কিছু গ্রুপের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য তা করা যায় না।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বুধবার ফাউসির বক্তব্যের কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আড়াই কোটি নাগরিকের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। জনগণকে তিনি বিনা মূল্যে টিকা দেওয়ার ঘোষণা দেন। তবে তাঁর এ মন্তব্যের পর নৈতিকতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিকেন্দ্রীকরণ সরকারি ব্যবস্থা ও টিকাবিরোধী গ্রুপগুলোর আবেগ কয়েক দশক ধরে বেড়েছে। তারা টিকা বাধ্যতামূলক করার মতো কর্মসূচি মানতে নারাজ। ফাউসি বলেন, ‘এটা জোর করে করা যায় না এবং সঠিক কাজও নয়।
অবশ্য সরকারের পক্ষ থেকে শিশুদের হামের মতো টিকার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে আগেই। করোনার টিকার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই ছয়টি কোম্পানি থেকে কয়েক শ কোটি ডোজের আগাম ফরমাশ দিয়ে রেখেছেন। এসব টিকা বিনা মূল্যে দেওয়া হবে।
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক সম্ভাবনাময় টিকাটি তৈরির জন্য চুক্তি করেছে অস্ট্রেলিয়া। চুক্তির পর মরিসন বলেন, ‘টিকা ততটা বাধ্যতামূলক হওয়া উচিত, যতটা সম্ভব আপনি এটি তৈরি করতে পারবেন। চিকিৎসার ভিত্তিতে যেকোনো টিকার জন্য সর্বদা ছাড় রয়েছে, তবে এটাই একমাত্র ভিত্তি হওয়া উচিত।’