করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দুটি দেশেই একদিনে কোভিড-১৯ এ মৃত্যু হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ।
আর ২৪ ঘণ্টায় ২৭ হাজার শনাক্তে ব্রাজিলে মোট আক্রান্ত প্রায় ৬ লাখ। যুক্তরাজ্যের বাইরে প্রথম দেশ হিসেবে ব্রাজিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের ভ্যাকসিন পরীক্ষা করা হবে। চলতি মাসেই ব্রাজিলের ২ হাজার নাগরিক পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণ করবে।
অন্যদিকে ভারতে একদিনেই আড়াইশোরও বেশি মানুষের মৃত্যু করোনা সংক্রমণে। এতে ছয় হাজার ছাড়ালো দেশটির করোনায় মোট মৃত্যু। আর ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয় প্রায় ১০ হাজার। এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ১৭ হাজার। সারা বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় এক লাখ ২১ হাজারের বেশি মানুষের শরীরে। তবে মৃত্যুহার কিছুটা কমেছে ।
আর মেক্সিকোতে ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২ জনের মৃত্যুতে মোট মৃত্যু প্রায় ১২ হাজার। এদিকে ইউরোপে যুক্তরাজ্য ছাড়া আর সব দেশেই মৃত্যুহার কম। দেশটিতে একদিনে মারা যায় ৩শ ৫৯ জন।