ইরানের একটি জ্বালানি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলায় যাচ্ছ বলে খবর প্রকাশিত হওয়ার পর উত্তেজনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে।
বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার (১৫ই মে) খবর দিয়েছে, ইরানি পতাকাবাহী তেল ট্যাংকার ‘ক্ল্যাভেল’ ভেনেজুয়েলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ট্যাংকারটি গত মার্চ মাসের শেষ নাগাদ ইরানের বন্দরআবাস শহর থেকে তেল সংগ্রহ করে এবং বুধবার এটি সুয়েজ খাল অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে।
ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের তেল বিক্রির এই প্রচেষ্টার বিরুদ্ধে ওয়াশিংটন ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে। মার্কিন সরকার এ ব্যাপারে প্রায় নিশ্চিত যে, ভেনেজুয়েলা সরকার এই তেলের বিনিময় হিসেবে ইরানকে স্বর্ণ প্রদান করবে।
তবে বার্তা সংস্থাটি ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। ওই মার্কিন কর্মকর্তা দাবি করেন, এটি যে শুধু যুক্তরাষ্ট্রের কাছে অনাহূত বিষয় তাই নয় বরং লাতিন আমেরিকার দেশগুলির কাছেও এ ঘটনা অনভিপ্রেত। আমরা ভেবে দেখছি এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া যায়।
ইরান ও ভেনেজুয়েলা, এই দুই দেশের জ্বালানি খাতের ওপরই যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে ওই বছরই ইরানের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করে, দেশটির যখন যতটুকু তেল রপ্তানির প্রয়োজন হবে তখন ততটুকু তেল রপ্তানি করবে এবং তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।