ইসমাইল হোসেন স্বপন, ইতালী থেকে: ইতালীর মনফালকনে শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবাসী বাংলাদেশী ও ইতালিয়ানদের যৌথ উদ্যোগে বাঙলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের ইন্তেগ্রিয়ামোচি আসোচিয়াতছিওনে কুলতুরালে দেই জভানি বেংগালেসে এবং আসোচিয়াতছিওনে মনফালকনে ইন্তারেতনিকার যৌথ ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশী এবং স্থানীয় ইতালিয়ান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো
ইতালীর ভেনিস হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ বাঙলা সংস্কৃতি মুগ্ধ করে বিশ্বের নানান দেশের নানান ভাষাভাষী জনগোষ্ঠীকে, আর তাই প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনৈতিক শক্তিকে দৃঢ় করে যাচ্ছে না, বরং তাঁর পাশাপাশি বাঙলা ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছে বিশ্বের নানা প্রান্তে, মনফালকন শহরের প্রবাসী বাংলাদেশীদের এবারের সর্বজনীন নববর্ষ উদযাপনে এরকম চিত্রই ফুটে ওঠে
শহরের সর্ববৃহৎ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বর্ষবরণে খাবার স্টল, মেহেদি পড়ানো, খেলাধুলা প্রতিযোগিতা, সংক্ষিপ্ত আলোচনা, শুভেচ্ছা বক্তব্য এবং সবশেষ মনমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশ থেকে হাজার কিলোমিটার দূরে থেকেও মেতে ওঠে এ উৎসবে।
আয়োজক সংগঠন বাংলাদেশি তরুণ সাংস্কৃতিক এ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি হামিম হোসাইন এবং সাধারণ সম্পাদক সানি ভুইয়ার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন মনফালকনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোস্তাক। প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জাহাঙ্গীর সরকার, নুরুল আমিন, ফরিদুল ইসলাম আনিস, রাসেল, ইসমাইল হোসেন, মুস্তফা মিয়া ও মারুফ পারভেজ বক্তব্য রাখেন।
স্থানীয় ইতালিয়ান প্রশাসন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত অতিথিদের মধ্যে দন পাওলো, আরতুরো বেরতলি, ইরিনে ক্রিস্টিন বক্তব্য রাখেন।
পুরো আয়জনের অন্যতম আকর্ষন পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিলা বিষয়ক সম্পাদিকা শুক্তা রউফ।
অনুষ্ঠানের নানা প্রতিযোগিতায় শিশু কিশোর এবং স্টল বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। সর্বশেষ জাকজমক পুর্ণ সাংস্কৃতিক আয়োজনে জমে ওঠে ভিনদেশের এই বর্ষবরণ উৎসব।