কর্নাটকে অবতরণের সময় কংগ্রেস সভাপ্রধান রাহুল গান্ধীকে বহনকারী উড়োজাহাজে গোলযোগ দেখা যায়। প্রাণে বেঁচে যান রাহুল ও তার সঙ্গীরা। এ ঘটনার পর রাহুলকে প্রথম ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সূত্র জানিয়েছে, ফোন করে মোদি জানতে চান, রাহুল ভালো আছেন কিনা। আর মোদি এও বলেন, এ ঘটনাকে হালকাভাবে দেখবে না সরকার। শুক্রবার এনডিটিভি জানিয়েছে, এরই মধ্যে এভিয়েশন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। খবরে বলা হয়, পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
উড়োজাহাজে বৃহস্পতিবার দিল্লি থেকে কর্নাটক যাচ্ছিলেন ভারতের প্রধান বিরোধী দলের নেতা রাহুল। হুবলি বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বামদিকে ঝুঁকে পড়ে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সেটি অবতরণ করাতে পারেন পাইলট। এ ঘটনায় রাহুল গান্ধীর সহযাত্রী কৌশল বিদ্যার্থী অভিযোগ করেছেন। এর মধ্যে উদ্দেশ্যমূলক কিছু ছিল কিনা, এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। ঘটনাটি সন্দেহজনক মনে করছেন বিদ্যার্থী।