রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে একাধিক গ্রুপে বিভক্ত হওয়া কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
জানা যায়, নির্বাচনে দলের বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা আকতার লিপি। তিনি গত ৩১ মার্চের নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
একই উপজেলায় নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হামলা-মামলা ও ভাংচুরের অভিযোগ করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা আলী আকবর শেখ। এছাড়া নির্বাচনী সহিংসতায় শুক্রবার রাতে কয়রায় সাংবাদিককে কুপিয়ে জখম ও নৌকা প্রতীক নিয়ে দ্বন্দ্বে ডুমুরিয়া উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, খুলনার ৯টি উপজেলার মধ্যে ৭টিতে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থী থাকায় শুরু থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। নির্বাচনের আগে ডুমুরিয়া, তেরখাদা, কয়রা ও দিঘলিয়ায় একই দলের দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। নির্বাচন পরবর্তী সময়েও হামলা-মামলার ঘটনা অব্যাহত রয়েছে।
রপসার পরাজিত চেয়ারম্যান প্রার্থী আলী আকবার শেখ বলেন, নির্বাচনের পর তার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাড়িঘর-দোকানে ভাংচুর ও মারপিট করা হয়েছে। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত ঘাটভোগ ইউনিয়নে এখনও তার কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চলছে। ৩ মার্চ রাতে শ্রীফলতলা পালের বাজারে তার চার কর্মীকে মারপিট করে আহত করা হয়।
বৃহস্পতিবার সকালে যুবলীগ নেতাকর্মীরা রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিনা আকতার লিপির বাড়িতে হামলা করে। তারা লিপি ও তার ছেলে আরাফাতকে কুপিয়ে জখম করে। এছাড়া নির্বাচনী সহিংসতার জের ধরে শুক্রবার রাতে কয়রায় স্থানীয় দৈনিক খুলনাঞ্চলের সাংবাদিক শাহজাহান সিরাজ (২৬)কে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলামের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই পত্রিকায় ‘কয়রায় নৌকায় ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগের ৫০০ নেতাকর্মী প্রাণভয়ে বাড়ি ছাড়া’ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এ হামলার ঘটনা ঘটে।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আইনজীবী সুজিত অধিকারী বলেন, প্রতিনিয়ত হামলা-সংঘর্ষে দলের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। হামলাকারী নবনির্বাচিত চেয়ারম্যানদের অতি উৎসাহি কর্মী-সমর্থক। কিন্তু দলে তাদের পদ-পদবি না থাকায় সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তারপরও নবনির্বাচিত চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়েছে।