এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ:বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে সরকারের ভুল ধরিয়ে দেবার আহবান জানিয়ে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিরোধী দল বিহীন পার্লামেন্ট সরকার চায় না। সরকার সংসদকে প্রাণবন্ত দেখতে চায়। নির্বাচন হয়েছে,জনগণ আপনাদের নির্বাচিত করেছেন, কেন সংসদে আসবেন না প্রশ্ন রেখে নাসিম আরো বলেন গলায় জোর থাকলে ৬ জনই ৬০ জনের আওয়াজ তুলতে পারবেন।
বৃহস্পতিবার বিকেলে কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের রজতজয়ন্তি উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, আওয়ামীলীগ বিরোধী দল থাকতে অনেক বার জেল খেটেছি, পুলিশের হাতে নিগৃহিত হয়েছি, কিন্তু মাঠ থেকে পালিয়ে যায়নি। সাহস থাকলে মাঠে নামেন, আন্দোলনের হুমকি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। যে দলের নেতারা পুলিশের লাঠির আঘাতে জামা কাপড় খুলে দৌড়ে পালায়, সে নেতা দিয়ে আন্দোলন হয়না। তার চেয়ে সংসদে আসুন, জনগণের কথা বলুন, খালেদা জিয়ার মুক্তির কথা বলুন, হয়তো বা লাভ হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।
নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্ব অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়লা আরজুমান্দ বানু বিথী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক খিললুর রহমান সিরাজী, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
এর আগে মোহাম্মদ নাসিম নাটুয়ারপাড়ায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের বাংলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।