আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী : গতকাল বৃহস্পতিবার কবিরহাট বাজারে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে ৬-৭জন গুলিবিদ্ধসহ প্রায় ১০জন আহত হওয়ায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দেয়। এ পরিস্থিতিতে ৩১ মার্চের কবিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করেছে ইসি।
আজ শুক্রবার নির্বাচন কমিশনার সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে কবিরহাটের নির্বাচন স্থগিতের বিষয়টি জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হয়।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
শুক্রবার দুপুরে কবিরহাট উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলা বক্স টিটু ও আ.লীগ প্রার্থী কামরুন নাহার শিউলি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। এতে স্বতন্ত্র প্রার্থী আলা বক্স টিটু নির্বাচন স্থগিত চেয়েছেন।