এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের দুটি উপজেলায় সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তার, এ জেন্টদের বের করে দেয়া ও মারপিটের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে এসব অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন নৌকার প্রার্থীরা। রোববার সকাল ৮টা থেকে থেকে সিরাজগঞ্জের ৬টি উপজেলায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মাঝে প্রভাব বিস্তার, প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেয়া ও মারপিটের অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে।
রায়গঞ্জ উপজেলার স্বতন্ত্র প্রার্থী গোলাম হাসান শুভন সরকার বলেন, নিমগাছি, সলঙ্গা, ধুবিল ও ঘুরকা কেন্দ্রে এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। চান্দাইকোনা ইউনিয়নের শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের এজেন্ট সোহাগ খন্দকারকে মারপিট করে বের করে দেয়া হয়েছে।
তাড়াশ উপজেলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, উপজেলার দেশীগ্রাম ও ক্ষিরপোতা কেন্দ্রে তার দোয়াতকলম প্রতিকের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নৌকার সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে।এ উপজেলার নৌকার মনোনীত প্রার্থী সঞ্জিত কুমার কর্মকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দলের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মনি মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসনকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। নৌকার ঘাঁটিগুলোতে ভোটাররা যাতে উপস্থিতি না হয় সে জন্য তিনি একের পর এক অভিযোগ দিচ্ছে।
অপরদিকে রায়গঞ্জের নৌকার প্রার্থী ইমরুল হাসান তালুকদার ইমন বলেন, স্বতন্ত্র প্রার্থী শুভন সরকার বিএনপির মতো মিথ্যা অভিযোগ তুলছে। পুরো উপজেলার প্রত্যেকটা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ পেলেও কেন্দ্রগুলোতে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি