আরিফুজ্জামান আরিফ,যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার দেউলি গ্রামে কবর থেকে লাশের কাফনের কাপড় চুরির এক সপ্তাহ পর আবার একই কবরের পাশে রেখে যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
ঘটনার বিবরন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের মৃত সামছুর রহমানের স্ত্রী মেনু খাতুন (৭০) গত ৭ জানুয়ারী বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর পর মেনু খাতুনকে বাড়ির পাশে সমাহিত করা হয়। সমাহিত করার ৩৩ দিন পর দেখা গেল রাতের অন্ধকারে কে বা কারা মেনু খাতুনের লাশের কাফনের কাপড়ের একাংশ নিয়ে গেছে এবং লাশের গলা থেকে নীচের অংশ মাটির নীচে কবরের মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং গলা থেকে মাথা পর্যন্ত মাটির উপরে উঠানো অবস্থায় আছে।
পরে মৃতের স্বজনরা লাশটিকে আবার যথানিয়মে মাটির নীচে কাপড় ঢুকিয়ে দেয়।
এদিকে লাশের কাফনের কাপড় চুরির এক সপ্তাহ পরে শুক্রবার সকালে বাড়ির লোকজন গলিত লাশের দূর্গন্ধ পায়।
উৎসুক স্বজনরা কবরের কাছে গিয়ে দেখে কবরের পাশে বিচালীর গাদার উপরে চুরি হওয়া দূর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড় কে বা কারা রেখে দিয়েছে।
বিষয়টি এলাকার মানুষের মুখে মুখে চাউর হচ্ছে।
মৃত মেনুর প্রতিবেশী সেলিম জানান, মেনুর মৃত্যুর পর মুসলিম শরিয়ত মোতাবেক সমাহিত করার ৩৩ দিন পর লাশের কাফনের কাপড় চুরি হয়ে যায় ও এক সপ্তাহ পরে কে বা কারা কবরের পাশে ধানের বিচালীর গাদার উপরে চুরি হওয়া দূর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড় রেখে যায় ।
নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী মেনু খাতুনের কাফনের কাপড় চুরি হওয়ার পরে আবার ফেরৎ দেওয়ার ঘটণার সত্যতা স্বীকার করে বলেন, রাতে কে বা কারা কাফনের কাপড় চুরি করলো এবং ফেরত দিল তা বুঝে উঠতে পারছিনা।
ঝিকরগাছা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ধরনের ঘটনার কথা আমাকে কেউ জানায়নি।