আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদী বিজয় মঞ্চে শহীদ সার্জেন জহুর দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তার ৫০তম আত্মদান দিবসে নোয়াখালী শহীদ মিনার বিজয় মঞ্চে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জহুর-অদুদ স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ কে এম শামছুদ্দিন জেহান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, শহীদ সার্জেন জহুরের চাচাতো বোন রেহানা আক্তার, অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন, জেলা জর্জ কোর্টের জিপি কাজী মানসুরুল হক খসরু, নোয়াখালী আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বক্শি ও আ.লীগ নেতা মিথুন ভট্ট প্রমুখ।
বক্তাগণ শহীদ সার্জেন্ট জহুরের স্মৃতি রক্ষায় নিজ জেলায় সড়কের নাম, বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় হলের নামসহ নামকরণের দাবি জানান। পরে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্র পথিক ও আগরতলা মামলার অন্যতম আসামী ছিলেন সার্জেন্ট জহুরুল হক। ১৯৬৮ সালের ২২ জানুয়ারি তাকে পাকিস্তার সরকার তথা কথিত আগরতলা মামলার আসামী করে গোপনে বিচারে করা হয়। ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান স্বৈরাচারি আইয়ুব খানের সেনারা তাকে গুলি করে এবং রাইফেলের বেয়োনটের আঘাতে নির্মমভাবে হত্যা করে। তার হত্যার মধ্যে দিয়ে ১৯৬৯ গণআন্দোলন আরো তীব্র আকার ধারণ করে।
শহীদ সার্জেন্ট জহুর ১৯৩৫ সালে ৯ ফেব্রয়ারি নোয়াখালী সদরের সোনাপুর এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।