এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ: তৃণমূলের উন্নয়নসহ তরুণ নেতৃত্বে আধুনিক বেলকুচি উপজেলা গড়তে চান সাজ্জাদুল হক রেজা। জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পোষ্টার ব্যানারে ব্যাপক সরগম হয়ে উঠেছে বেলকুচি উপজেলার রাস্তাঘাট ও পথের মোড়গুলো। রংবেরং এর ব্যানার ফেস্টুনসহ সংযোগ আর চাষ্টলে মুখরিত হয়ে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। যদিও নির্বাচন কমিশন থেকে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি। কিন্তু আগামী মার্চে দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কমিশনের এমন ইঙ্গিতের পর থেকেই বেলকুচি উপজেলায় বইতে শুরু করেছে এ নির্বাচনী আমেজ। ইতিমধ্যেই তরুণ নেতৃত্ব নিয়ে মাঠে নেমেছে বেলকুচি উপজেলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগ আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা।
উপজেলার তরুণ সমাজ ও সমর্থকরা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে রেজাকে ঘোষণার দাবিতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। তবে বসে নেই অন্য প্রার্থীরাও, মনোনয়ন বাগিয়ে নিতে দলের সিনিয়র নেতাদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন তারা।
তথ্যানুসন্ধানে জানা যায়, তাঁতশিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলায় রয়েছে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন। জাতীয় সংসদ নির্বাচনে তরুন নেতৃত্ব আব্দুল মমিন মন্ডল নির্বাচিত হওয়ার পর অনেকটাই আনন্দিত বেলকুচিবাসী। সেই সাথে উপজেলাতেও চায় তরুণের মুখ। বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশায় স্থানীয় এমপি’র ছবি সংবলিত পোষ্টার ও ব্যানার দিয়ে এলাকাবাসির নিকট দোয়া চেয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়ামাসি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে রেজাকে আ’লীগের একক প্রার্থী ঘোষণার দাবিতে দলীয় নেতৃবৃন্দের সাথে জনপ্রতিনিধিরাও একাত্মতা ঘোষণা করে এলাকায় গণসংযোগসহ ফেসবুকে চালিয়ে যাচ্ছেন তুমুল প্রচারণা। ইতোমধ্যে সাজ্জাদুল হক রোজা আ’লীগের সিনিয়র নেতাদের নিকট থেকে দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগ আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, তৃণমুলকে মুল্যায়ন, তৃনমুলের উন্নয়ন ও সংগঠন শক্তিশালী, এলাকার উন্নয়নে তরুন যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছি। তরুণ নেতৃত্বে আধুনিক বেলকুচি উপজেলা গড়ে তুলব ইনশা-আল্লাহ।
তিনি আর বলেন, দীর্ঘসময় ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলাম। হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে যুবসমাজের উন্নয়ন, মাদকমুক্ত ও বেকার সমস্যার সমাধান আর অবহেলিত তাঁত শিল্পের উন্নয়ন নিয়ে কাজ করতে চাই।
তবে সংসদ নির্বাচনের পর কে পাচ্ছেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতীক, এ প্রশ্ন এখন বেলকুচি উপজেলার সর্বস্তরের জনসাধারণের।