এম.এম.রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রুয়ারী ভোটের দিন রেখে কিশোরগঞ্জ-১ আসনে সাধারণ নির্বাচনের তফসিল দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (২৬ জানুয়ারী) রাতে আওয়ামী লীগ সবাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের য়ৌথ সভায় কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে সৈয়দ আশরাফের ছোট বোন ডাঃ জাকিয়া নূর লিপিকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়।
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশের প্রথম সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বরের ভোটেও নির্বাচিত হন তিনি। তবে শপথ নেওয়ার আগেই সৈয়দ আশরাফ মারাযান। ফলে আসনটি শূন্য হয়ে যায়।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের আসনে নৌকার প্রার্থী হতে বোন লিপি ছাড়াও তাদের ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ সাফায়েত উল ইসলামসহ কয়েকজন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
পেশায় চিকিৎসক জাকিয়া নূর লিপিকেই বেছে নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনে তাকে জয়ী করতে স্থানীয় আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাব্যক্ত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল।