নাইম আবদুল্লাহ : গত ৫ জানুয়ারি (শনিবার) সিডনির লাকেম্বার রেলওয়ে প্যারেডে ‘আই রাইট’ নামে একটি সংস্থা এক প্রতিবাদ সভা ও মানব বন্ধনের আয়োজন করে। গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে গণ ধর্ষণের নিন্দা জানিয়ে এই প্রতিবাদ সভায় বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা অংশ গ্রহন করে।
দেশে সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদে নানান বক্তব্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন হাতে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা এ ঘটনার ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা করছি সরকার অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেবে। এটা দেশের অস্তিত্বের লড়াই। তাই সবাইকে ফাঁসি সহ দৃষ্টান্ত মুলক শাস্তি দিলে কেউ আর এমন অপরাধ করতে সাহস পাবে না।
বক্তারা আরও বলেন, ভোট রাষ্ট্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমাদের ভোট ভু-লুণ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থা ভুলুণ্ঠিত হবে আর তাহলে আমরা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবো না।
আই রাইট এর চেয়ারম্যান হাবিবুর রহমান জেনারেল সেক্রেটারী মিজানুর রহমান সুমন এবং উপদেষ্টা ইকবাল মাহমুদ সোহেল একটি সুশৃঙ্খল পরিবেশে প্রতিবাদ সভায় অংশ গ্রহন করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।