আন্তর্জাতিক ডেস্ক: চীনের গণমাধ্যমে হতে জানা যায় পাকিস্তানের জন্য একটি ‘অত্যাধুনিক যুদ্ধজাহাজ’ বানানোর কাজ শুরু করেছে চীন। জাহাজটি চীনা নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেটের নতুন সংস্করণ হতে যাচ্ছে।
আধুনিক সমরাস্ত্র সজ্জিত ও সনাক্তকরণ ব্যবস্থাসম্পন্ন নতুন এ যুদ্ধজাহাজ বিমান, সাবমেরিন ও অন্যান্য জাহাজের আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজনির্মাতা প্রতিষ্ঠান।
ভারত মহসাগরে ‘ক্ষমতার ভারসাম্য’ নিশ্চিত করার লক্ষে চীন এ অত্যাধুনিক যুদ্ধজাহাজটি তৈরি করে দিচ্ছে বলে চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়।
পাকিস্তান ও চিনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অস্ত্র চুক্তি অনুযায়ী ইসলামাবাদ এ ধরনের চারটি যুদ্ধজাহাজ চেয়েছিল, এটি প্রথমটি।
চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ০৫৪এ শ্রেণির জাহাজের ওপর ভিত্তি করেই নতুন এ জাহাজটি বানানো হচ্ছে।
নতুন এ যুদ্ধজাহাজটি ০৫৪এপি শ্রেণির বলে পাকিস্তানের নৌবাহিনীর বরাত দিয়ে জানানো হয়।
তৈরি শেষ হলে এটি হবে প্রযুক্তিগত দিক দিয়ে পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি বড় সংযোজন, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটির সক্ষমতা বৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। এমনটাই বলছে চীনের রাষ্ট্রীয় এ গণমাধ্যম।