সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি প্রার্থী রোমানা মাহমুদসহ ৭ জন গুলিবিদ্ধ ও ২০জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে শহরের আইআই কলেজ রোড ও বিএনপি কার্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে পুলিশের একটি গাড়ীর ভাঙ্গা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ, ছাত্রদল সভাপতি জোনায়েত আহমেদ সবুজ, রুবেল, দিগন্ত ও মেরিনাসহ সাত জন। এদের মধ্যে মেরিনার অবস্হা আশংঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, নির্বাচনী প্রচারনার উদ্দেশ্যে রোমানার মাহমুদের বাসার সামনে থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার সময় এমন সংবাদ পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে সশস্ত্র মিছিল নিয়ে মহড়া দেয় এবং বোমা বিস্ফোরন করেন। বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ দলীয় কার্যালয়ের আশাপাশে অবস্হান নেয়। সন্ধ্যার পর আমরা কলেজ রোড দিয়ে মিছিল নিয়ে মোড়ে যাবার পরই পুলিশ টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের বাবার বুলেটের আঘাতে বিএনপি প্রার্থী রোমানা মাহমুদসহ ৭জন গুলিবিদ্ধসহ অন্তত দলের ২০জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেন।
বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ জানান, মিছিল নিয়ে মোড়ে পৌছামাত্র পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। এতে তিনিসহ আরো ২০ নেতাকর্মী আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, পুলিশ টহল দেয়ার সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের গাড়ীর উপর হামলা চালায়। এ সময় পুলিশ রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্হিতি নিয়ন্ত্রণ করে। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।