জীবননগর থেকে জাহিদ বাবু ও অর্পন রকি: চুয়াডাঙ্গা জেলার জীবননগর আশতলাপাড়া জামে মসজিদের পাশ থেকে সার্কিটসহ ৬টি বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয়লোকজন এ বোমার বিষয়টি সনাক্ত করেন। পরে জীবননগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের আশতলাপাড়া জামে মসজিদ সংলগ্ন মসলেম উদ্দিনের বাড়ির সিঁড়ির ওপর একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে মোড়ানো কাগজ দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন কাছে দেখতে পান একটি সার্কিটসহ ৬টি বোমা পড়ে আছে। বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থানে ছুটে আসেন।
এ বিষয়ে মসলেম উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, আমি সকালে ফজরের নামাজ শেষে বাড়িতে চলে যাই, সকাল ৭টার দিকে জানতে পারি আমার বাড়ির সিঁড়ির ওপরে বোমা সাদৃশ্য কি যেন পড়ে রয়েছে।
লোকজনের কথা শুনে আমিও সেখানে গিয়ে খবরের কাগজের মধ্যে লাল টেপ দিয়ে একটি সার্কিট ও বোমা দেখতে পাই। বিষয়টি ওয়ার্ড কাউন্সিলার হযরত আলীকে জানালে তিনি বিষয়টি জীবননগর থানা পুলিশকে অবহিত করেন।
জীবননগর থানার ওসি তদন্ত ফৈরদৌস ওয়াহিদ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যার দিকে র্যাব ৬-এর বোমা বিশেষজ্ঞ টিম উক্ত বোমাপটগুলো নিষ্কাশন করেন। এদিকে মসজিদের পাশ থেকে বোমা উদ্ধার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।