স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংঘবদ্ধ অভিবাসন-সংক্রান্ত অপরাধ দমন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আগামী ৭ ও ৮ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে এবং তা দুই দেশের সহযোগিতাকে নতুন মাত্রা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাজ্যের পাঠানো ‘ইউকে লেটার’-এর প্রস্তাব ইতিবাচকভাবে পর্যালোচনা করা হচ্ছে।
বৈঠকে অভিবাসন-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ, ‘পুলিশ রেফারেল প্রোগ্রাম’, অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ শনাক্ত এবং তা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের অব্যাহত মানবিক সহায়তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের, উপসচিব মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।