জার্মানবাংলা ডেস্ক: রুশ নারীর প্রেমে পড়ে আকস্মিক ঘোষণায় মালয়েশিয়ার পঞ্চম সুলতান মোহাম্মদের পদত্যাগের পর দেশটিতে নতুন রাজা নির্বাচিত হয়েছেন পাহাং রাজ্যের সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ।
২৪ জানুয়ারি ‘কাউন্সিল অব রুলারস’ ভোট দিয়ে মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচন করে। ৫৯ বছর বয়সী আব্দুল্লাহ চলতি মাসের শুরুতেই পাহাংয়ের সুলতান হিসেবে শপথ নিয়েছিলেন।
মালয়েশিয়ার উপদ্বীপ পাহাং প্রদেশের দায়িত্বে ছিলেন সুলতান আবদুল্লাহ। ৩১ জানুয়ারি তিনি নতুন রাজা হিসেবে শপথ নেবেন। বিদায়ী রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ এসেছিলেন কেলান্তান রাজ্য থেকে।
দেশটিতে সাংবিধানিকভাবে রাজশাসন চললেও দৈনন্দিন নির্বাহী কাজ ও সরকার ব্যবস্থায় সাধারণত রাজারা হস্তক্ষেপ করেন না। ১৯৫৭ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ফেডারেশন অব মালায়া স্বাধীনতা ঘোষণা করার পর ইয়াং দি-পারতুয়ান আগংয়ের ভূমিকা শুরু হয়।
মালয়েশিয়ার ১৩টি রাজ্যের মধ্যে কুয়ালালামপুর, পুত্রজায়া, লাবুয়ান- এ তিনটি ফেডারেল টেরিটোরি ছাড়া নয়টি রাজ্যে নয়জন সুলতান আছেন। এই সুলতানদের পরামর্শ সভার মাধ্যমে পর্যায়ক্রমের ভিত্তিতে তাদের মধ্যে থেকে একজনকে রাজা নির্বাচিত করা হয়। ক্রম অনুযায়ী পরবর্তী রাজা যে অঞ্চল থেকে নেওয়া হবে সেখানকার সুলতানের নামই কেবল ব্যালটে থাকে। ভোটার সুলতানরা ওই নাম হয় অনুমোদন করেন কিংবা উপেক্ষা করেন।
নির্বাচিত হতে ৯ রাজ্যের সুলতানের মধ্যে অন্তত পাঁচজনের সমর্থন পেতে হয়। তা না হলে ক্রমিকের পরবর্তী সুলতানের নাম সংবলিত নতুন ব্যালটে ভোটা হবে, যতক্ষণ না নতুন রাজা নির্ধারিত হয় এভাবেই চলতে থাকবে।