আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নিতে তিনি প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সময়সীমা ঘোষণা করেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিগত সরকারের সময়ে হাইকোর্ট বিভাগের অনেক বিচারপতি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিচার বিভাগের স্বচ্ছতা ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় এসব ‘দলীয় বিচারপতির’ বিরুদ্ধে অবিলম্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা প্রয়োজন।
তিনি বিচার বিভাগের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন সংস্কারেরও দাবি জানান। এর অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের বস্তি উচ্ছেদ এবং আদালত এলাকার সার্বিক পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান বার সভাপতি।
সম্প্রতি প্রধান বিচারপতির সঙ্গে একটি শুনানিতে সৃষ্ট পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ প্রসঙ্গে ব্যারিস্টার খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল সাধারণ আইনজীবীদের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সংকটময় পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।