সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর বাজার থেকে ১৫৫ বস্তা ১০টাকা কেজির সরকারী চালা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত উপজেলার বড়হর বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী নাজমুল হোসেন নান্নুর গুদাম থেকে এ চাল উদ্ধার করে। বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে চাল ব্যবসায়ী নান্নু আগেই পালিয়ে যান।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সহকারী কমিশনার মাহবুব হাসান জানান, জব্দ করা চাল বড়হর বাজার কমিটির সভাপতি মোবারক হোসেন জিন্নার জিম্মায় রাখা হয়েছে।
এঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সভাপতি, বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু ও বড়হর বাজার কমিটির সভাপতি মোবারক হোসেনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে দ্রুত জব্দ করা চাল প্রকাশ্য নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।