আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে স্কুলের ভবন নির্মাণ কাজ করার সময় টয়লেটের দেয়াল ধ্বসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। রবিবার বিকাল তিনটার দিকে পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার চর কুড়া গ্রামের জেলক্দ হোসেন (৬৫) ও বেলাল হোসেন (৬০)। আহত একই গ্রামের আবু বক্কার (৭০) কে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। এ সময় তারা পিলারের গর্ত তৈরি করছিলেন। এ সময় পাশের বাসার টয়লেটের দেয়াল ধ্বসে তাদের উপর পড়ে যায়। স্থানীয়রা গর্তে থাকা তিন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তির পর জেলকদ ও বেলাল মারা যান।