এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কৃৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ইমরান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে দুটি গরু ও তিনটি ছাগলসহ ও কৃৃষকের চারটি ঘর। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের
রঘুনাথপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মালাম শেখের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কৃৃষক মালাম শেখের বাড়িতে আগুন লাগে।ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন টের পায়। তারা সকলেই ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। শিশু ইমরান ভয় পেয়ে ঘরের এক কোনায় লুকিয়ে থাকে। এ অবস্থায় আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাকে আর বের করা সম্ভব হয়নি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত সোয়া ১২টার দিকে দগ্ধ ও মৃত শিশু ইমরানকে উদ্ধার করা হয়।