সাদা রঙের স্বপ্নগুলো
– মীর জেসমিন ওয়াহেদ
নির্জনতার সবটুকু নরম অভিমান
লেগে আছে ভেজা কাশফুলের সাদা রঙের স্বপ্নগুলোতে।
ফড়িং তার খুশির সবটুকু উচ্ছ্বাস
ছড়িয়ে আছে কাশফুলের রাজত্বে।
পাখিদের মিহি সুরে গোধূলি ধীরে প্রস্থান করছে
নৈঃশব্দ্যের কঠিন নীরবতায়।
ভেজা লতা-পাতার তীব্র গন্ধ
স্মৃতিরা ভারী করে তুলেছে মনের আঙিনায়।
বাতাসে বিষাদের কান্নার সুর
পুরো কাশফুলের বনটাকে রহস্যময় করে তুলেছে।
অনাগত স্বপ্নের কথা ভেবে
হাসির রিনিক ঝিলিক তুলেছে কিশোরীদের দল।
কত কথার সাক্ষী হয়ে মেঠো পথ দাঁড়িয়ে আছে,
কাশফুলের সৌন্দর্যের সবটুকু সুন্দর নিয়ে।
সূর্য পেঁয়াজি কাতানের শাড়ি পরে আছে,
মেঘ-আকাশের মেঘের পরী!
সন্ধ্যা নেমেছে ধূসর রঙের সুতায় বোনা রুপালি চমকে।
আশ্বিনের সাদা রঙের স্বপ্নগুলো ছুঁয়ে,
বৃষ্টি আর রোদের লুকোচুরিতে
গোধূলি বিদায় নিচ্ছে-
আরেকটি শিশুসকাল ভূমিষ্ঠ হবে বলে।