নকলমুক্ত পরীক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতের ‘অটো পাস’ বা নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে সরে এসে শিক্ষাকে সুশৃঙ্খল ও মানসম্মত পর্যায়ে ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার মান ক্ষুণ্ন করে এমন কোনো দাবি বা আন্দোলনকে সরকার সমর্থন করবে না। তাঁর অভিযোগ, সাম্প্রতিক কিছু আন্দোলনে এমন ব্যক্তিরাও অংশ নিয়েছেন, যারা প্রকৃত শিক্ষার্থী নন এবং একটি বিশেষ মহল সরকারকে বিব্রত করতে তাদের ব্যবহার করছে।
তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির বিষয়টি তদন্তে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশি অভিযানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু ছবি ও ভিডিও সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেগুলোর অনেকই বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক।
বিদেশে পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি জানান, ইন্টারপোলের সহায়তায় ইউএই ও ভারত থেকে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে।
গণঅভ্যুত্থানের শহীদদের সংখ্যা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের বিভিন্ন অনিয়মের কারণে সঠিক তথ্য সংগ্রহে সময় লাগছে। বর্তমানে ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে ১৫ হাজারের বেশি শহীদ ও আহত ব্যক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আহতদের জন্য চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা অব্যাহত রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আবহাওয়ার বিষয় বিবেচনা করে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।