জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী। রোববার ২০ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নৌপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।
রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি গত তিন বছর ধরে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে আগামী ২৬শে জানুয়ারি থেকে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫শে জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেব চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই দিন আরেক প্রজ্ঞাপনে এডমিরাল নিজামউদ্দিনের অবসরোত্তর ছুটি মঞ্জুরের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওরঙ্গজেব চৌধুরী ১৯৭৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।