আগামী ২১ মার্চ ফ্রাঙ্কফোর্টে বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জার্মান আওয়ামী লীগ উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বর্ণাঢ্য জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতি রবিবার জার্মান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নিয়মিত আলোচনা সভা করে যাচ্ছেন।
বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আগামী ২১ মার্চ জার্মানির ফ্রাঙ্কফোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠান করা হবে। অনুষ্ঠানে উপমন্ত্রী খালেদ বাবু এবং জাতীয় উৎযাপন কমিটির সদস্য সচিব ডা. কামাল ইবনে নেসার, জার্মান প্রবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ থেকে জনপ্রিয় সংঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন।
জার্মান আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা থেকে জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফ্রাঙ্কফোর্টে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর পর মধ্যাহ্নভোজ শেষে শুরু হবে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। সর্বশেষ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হবে। এছাড়া উপস্থিত সবার জন্যই থাকবে নৈশ্যভোজের ব্যবস্থা।