শামস রহমান: গত ২৯ জুলাই দুপুরে বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চার দিন ধরে বিক্ষোভ করে আসছে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিলে সরকার অনেকটা বেকায়দায়।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিপ্রয়োগে অনেক ছাত্র-ছাত্রী আহত হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। তারা মন্ত্রীকেও রাস্তায় থামিয়ে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানায়। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। ফলে রাজধানীর সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছন্ন।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার (২ আগস্ট) সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ আগস্ট) রাত ৮ টা ১৫ মিনিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন জার্মানবাংলা২৪কে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহরাব হোসাইন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ থাকবে।’