রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে স্নাতক সম্পন্ন করলে তাকে অফিসার পদে উন্নীত করা হবে।
বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স শেষ হলে অফিসার পদে নেওয়া হবে।”
উল্লেখ্য, গত রবিবার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে গেলে নিহত হন আবুল কালাম। এই ঘটনায় সেদিনই নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং একজন সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, নিহতের পরিবারের প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিহতের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় বলে জানিয়েছে সংস্থাটি।