সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় একযোগে সব ধরনের আর্থিক সুবিধা কার্যকর না করে প্রথম পর্যায়ে কেবল মূল বেতন (বেসিক) বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। গেজেট প্রকাশের আগে প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। এরই মধ্যে ২০টি গ্রেডভিত্তিক নতুন মূল বেতনের একটি প্রস্তাবিত রূপরেখা আলোচনায় এসেছে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার এবং রাজনৈতিক নির্দেশনার ভিত্তিতেই নতুন পে-স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি জানান, আর্থিক বাস্তবতা বিবেচনায় প্রথম ধাপে শুধু মূল বেতন বৃদ্ধি করা হবে। তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে, সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো বর্তমানে গেজেটের খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করছে। সরকার চায় বাস্তবসম্মত ও টেকসই উপায়ে নতুন বেতন কাঠামো কার্যকর করতে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চালুর ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন পে-স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট বক্তব্যে তিনি আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলের খসড়া অনুযায়ী, আগের মতো ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। এতে সর্বোচ্চ বা প্রথম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার টাকা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডের প্রস্তাবিত মূল বেতন যথাক্রমে এক লাখ ৩২ হাজার, এক লাখ ১৩ হাজার, এক লাখ এবং ৮৬ হাজার টাকা।
এ ছাড়া ষষ্ঠ থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন যথাক্রমে ৭১ হাজার, ৫৮ হাজার, ৪৭ হাজার ২০০, ৪৫ হাজার ১০০ এবং ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। ১১তম থেকে ১৫তম গ্রেডের জন্য প্রস্তাবিত মূল বেতন ২৫ হাজার, ২৪ হাজার ৩০০, ২৪ হাজার, ২৩ হাজার ৫০০ এবং ২২ হাজার ৮০০ টাকা।
খসড়া অনুযায়ী, ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০, ১৭তম গ্রেডে ২১ হাজার ৪০০, ১৮তম গ্রেডে ২১ হাজার, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ এবং সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।