এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি:আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- আওয়ামীলীগ সরকার বন্যার্তদের পাশে রয়েছে সব সময়। যতদিন দরকার তাদের সহায়তা দেয়া হবে। বিএনপির নেতাকর্মিদের বানভাসী মানুষের পাশে দাঁড়াবার পরামর্শ দিয়ে তিনি আরোও বলেন, ‘এখনও সময় আছে দেশের বন্যাকবলিত মানুষের পাশে এসে দাঁড়ান এতে করে জনগণ আপনাদের ক্ষমা করলেও করতে পারে।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বুরুঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক ফাউন্ডেশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল নানাভাবে গুঞ্জন ছড়িয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে।
যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম মুশাররফ হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান (এসভিপি) মুনজুরুল আহসান শাহ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক চেয়ারম্যান বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, যমুনা ব্যাংক কাজিপুর শাখার ব্যবস্থাপক রাকিবুল কবির প্রমূখ।
পরে দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া, তেকানী ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ১৫শ’ পরিবারের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।