মো. আরিফ ঢালী, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠির নবাবপুর চালতেতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক মটরসাইকেল চালক হাসান (৩৫) নিহত হয়েছে। এ সময়ে ওই মটরসাইকেলের দুই আরোহী ভূসি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হাসান খুলনার রূপসা এলাকার জাহাঙ্গীরের ছেলে। সে মটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতো বলে এলাকাবাসী জানিয়েছে।
চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক অসিত কুমার রায় স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত সোয়া ৯টার দিকে একটি মটরসাইকেলে ৩ জন আরোহী খুলনার দিকে যাচ্ছিল। মটরসাইকেলে ৩ আরোহীর মধ্যে ২ জন খুলনার ভূসি ও খৈল ব্যবসায়ী বলে জানান। পথিমধ্যে নবাবপুর এলাকায় এলাকাবাসী ৪টি গুলির শব্দ পান। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী রাস্তায় বের হয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেখতে পান। অপর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়। পুলিশের ধারনা ওই দুই ব্যবসায়ী চুলকাঠি ও ফয়লা বাজার থেকে বকেয়া টাকা কালেকশন করে ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে খুলনায় ফেরার পথে ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হন। তাদের গুলিতে একজন ঘটনাস্থলে মারা গেছে বলে পুলিশ জানায়।