জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর যেন একদিনের জন্য পরিণত হয়েছিল ক্ষুদ্র এক বাংলাদেশে। ২০২৫ সালের ১৫ জুন, রবিবার বিকাল ৫টায় সালবাউ নীড হলে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “বাৎসরিক মিলনমেলা ও আলোচনাসভা”। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রবাসী সংগঠক মহসিন হায়দার মনি।
ফ্রাঙ্কফুর্ট ও আশেপাশের অঞ্চল থেকে আগত নানা জেলা ভিত্তিক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক সংগঠনের প্রতিনিধিগণ উক্ত অনুষ্ঠানে যোগ দেন। তারা মিলিত হন এক মহৎ উদ্যোগে-প্রবাসীদের জন্য একটি নিরপেক্ষ, উন্মুক্ত ও দলমত নির্বিশেষে গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে।
আলোচনায় বক্তারা বলেন, “একটি সংগঠিত প্ল্যাটফর্ম গড়ে উঠলে বছরে অন্তত একবার প্রবাসীদের মিলনমেলা আয়োজন সম্ভব হবে, যেখানে মতবিনিময়, সাংস্কৃতিক-ধর্মীয় অনুষ্ঠান এবং জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ ঘটবে।”

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আসন্ন জুলাই মাসের শেষে ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত অস্ট পার্কে এক “মহা মিলনমেলা”র আয়োজন করা হবে। আয়োজনে অংশ নিতে আগ্রহী সকল সংগঠন ও ব্যক্তি প্রতিনিধির সহযোগিতা প্রত্যাশা করা হয়।
উক্ত সভাটি দীর্ঘ সময় ধরে চললেও উপস্থিত সকলেই আন্তরিক মনোযোগে মত প্রকাশ করেন এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই মিলনমেলাকে ‘প্রবাসী বাঙালির ঐক্যের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেন।

প্রবাসী সমাজের অংশগ্রহণকারীরা সভার উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।