জার্মানির আর্থিক রাজধানী ফ্রাঙ্কফুর্টে আগামী ২২ আগস্ট বসছে শর্ট পিচ ক্রিকেটের বর্ণাঢ্য আসর ‘ফ্রাঙ্কফুর্ট ক্রিকেট উৎসব-২০২৬’। ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও বাঙালি সংস্কৃতির আবহে দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
ফ্রাঙ্কফুর্টের নর্ড পার্ক বোনামেসে অনুষ্ঠিতব্য এই আয়োজনের উদ্যোক্তা বার্গ ইয়ুংস। এক দশকেরও বেশি সময় ধরে ফ্রাঙ্কফুর্টে বসবাসরত একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনের মূল লক্ষ্য জার্মানির বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা।
আয়োজকদের ভাষ্য, এটি কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়; বরং খেলাধুলা, সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তাই মাঠজুড়ে ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি থাকবে বাঙালিয়ানার প্রাণবন্ত আয়োজন। দর্শনার্থীদের জন্য থাকবে দেশীয় নানা স্বাদের খাবারের স্টল, পোশাক ও জীবনধারাভিত্তিক পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র। পরিবার-পরিজন নিয়ে অবসর কাটানোরও থাকবে পর্যাপ্ত সুযোগ। সব মিলিয়ে একদিনের জন্য ফ্রাঙ্কফুর্টে যেন তৈরি হবে ছোট্ট একটি বাংলাদেশ।

প্রথম আসরেই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। জার্মানির বিভিন্ন শহর থেকে আসা মোট ৮০ জন ক্রিকেটার মাঠে নামবেন। প্রতিটি দল গঠন করা হয়েছে খেলোয়াড় নিলামের মাধ্যমে, যাতে প্রতিযোগিতা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয় হয়।
এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গত ২ আগস্ট ফ্রাঙ্কফুর্টের সালবাউ গালুস মিলনায়তনে অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম। সেখানে আটটি দলের স্বত্বাধিকারীরা দরপত্রের মাধ্যমে নিজেদের দল চূড়ান্ত করেন। নিলাম শেষে খেলোয়াড়দের দল ঘোষণা করা হলে টুর্নামেন্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।
এবারের আসরে অংশ নেওয়া আটটি দলের স্বত্বাধিকারী হলেন— সাইফুল সাগর (ফ্রাঙ্কফুর্টার ফায়ার বয়েজ), আমির নাসির (লায়ন কিং )পলাশ হোসেন (যশোর এক্সপ্রেস), মোহাম্মদ শাহিনুর রহমান (থিমহোলি টাইটানস), মেহেদী হাসান (অফেনবাখ স্ট্রাইক), মুরাদ হোসেন (মাহানুরস ওয়ারিয়র্স), মাহফুজুর রহমান (ফ্রাঙ্কফুর্ট রয়্যালস) এবং ফয়সাল আলম (সুন্দরবন রয়্যালস)।
আয়োজকদের মতে, খেলোয়াড়, দর্শক, পরিবার ও শিশু—সবাইকে নিয়ে একটি নিরাপদ, আনন্দঘন ও পারিবারিক পরিবেশে দিনব্যাপী উৎসব উদ্যাপনই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগের ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও তারা আশা করছেন।
ফ্রাঙ্কফুর্ট ক্রিকেট উৎসব-২০২৬ সবার জন্য উন্মুক্ত। জার্মানিতে বসবাসরত বাংলাদেশি এবং ক্রিকেটপ্রেমীদের পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে এই ব্যতিক্রমী আয়োজন সফল করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। আয়োজনের মিডিয়া পার্টনারে জার্মান বাংলা চ্যানেল (GBC)।
আয়োজনের সংক্ষিপ্ত তথ্যঃ
আয়োজন: ফ্রাঙ্কফুর্ট ক্রিকেট উৎসব-২০২৬ (প্রথম আসর)
প্রতিযোগিতার ধরন: শর্ট পিচ ক্রিকেট
তারিখ: ২২ আগস্ট ২০২৬
স্থান: নর্ড পার্ক বোনামেস, ফ্রাঙ্কফুর্ট আম মাইন, জার্মানি
অংশগ্রহণকারী: ৮টি দল ও ৮০ জন খেলোয়াড়
আয়োজক: বার্গ ইয়ুংস।
ফাতেমা রহমান রুমা
ডিবিসি নিউজ
ফ্রাংকফুট ,জার্মানি ।