সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিদের নিয়ে নেত্রকোনায় সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা ক্রীড়া অফিস আয়োজিত সুইড বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচী পালন উপলক্ষে চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সুইড বাংলাদেশের সহযোগীতায় এ ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ও সুইড বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা। উদ্বোধন শেষে প্রতিবন্ধী শিশুদের অংশ গ্রহনে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়াও বিভিন্ন আঙ্গিকে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা। এ সময় সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা বলেন, সকল শিশুর প্রতিই আমাদের আন্তরিকতা বাড়াতে হবে। বিশেষ করে প্রতিবন্ধি শিশুদের প্রতি অতিআন্তরিক হয়ে বাবা মাসহ সমাজের সকলকে আরো সচেতন হওয়ার প্রতি আহবান জানান।