হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: কাল ২৪ মার্চ তৃতীয় ধাপে গাজীপুরের কাপাসিয়া , শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে । নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছিলো সব উপজেলায়। নির্বাচনী প্রচার, জনসংযোগ, মিছিল মিটিং শেষ হয় ২২ মার্চ। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন উপজেলায়ই মূল লড়াই হবে আওয়ামী লীগ নেতাদের মধ্যেই । কাপাসিয়ায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আমানত হোসেন খান, শ্রীপুরে বর্তমান চেয়ারম্যান আবদুল জলিল , কালিয়াকৈরে রেজাউল করিম রাসেল নৌকা প্রতীক পেয়েছেন ।
আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে মাঠে কাজ করেছেন জেলার শীর্ষ খোদ আওয়ামী লীগ নেতারাই । ওইসব উপজেলায় অপর প্রার্থীরা হলেন কাপাসিয়ায় আনিসুর রহমান আরিফ (আনারস মার্কা)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ।
কালিয়াকৈরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকপ্রাপ্ত রেজাউল করীম রাসেলের বিপক্ষে প্রতিদ্বন্দী করছেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন সিকদার । তার প্রতীক আনারস । নির্বাচনকে কেন্দ্র করে এ উপজেলায় তৃনমূল আওয়ামীলীগ বিভক্ত হয়ে পড়েছে।
শ্রীপুর উপজেলার রাজনীতি সরগরম হয়ে উঠে এ নির্বাচনকে কেন্দ্র করে । যেখানে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম প্রধান ( মোটর সাইকেল ) প্রতিদ্বন্দী হয়েছেন,লড়ছেন নৌকার আবদুল জলিলের বিপক্ষে । আবদুল জলিল উপজেলার সর্বশেষ নির্বাচিত চেয়ারম্যান । যার জনপ্রিয়তা রয়েছে দলের তৃণমুল পর্যায়ে ।
এদিকে কালিগন্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিনাভোটে নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন । এ প্রার্থীর প্রতীক ছিলো নৌকা ।
এদিকে শুক্রবার সকাল সন্ধ্যা কালিয়াকৈরের হাটুরিয়াচালা , সিনাবহ, মাটিকাটা, মাঝুখান, বরাব, সাকাস্বর, নয়ানগর, বড়ইবাড়িসহ নানা স্থানে সরেজমিন গিয়ে দেখা যায় , ভোটাররা নির্বাচনী কেন্দ্রে যেতে উদাসীন মনোভাবাপন্ন । নিরুত্তাপ আমেজ দেখা যায় এসব জনপদে । একই দলের প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতায় নির্বাচনী কাজে কর্মীরাও জানান বিব্রতবোধের কথা । কতককেন্দ্রে নির্বাচনী বিবাদ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে বলে ভোটাররা আশংকা করেন ।