মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল)প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর উদ্যোগে এক বিজয় উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পর্তুগাল অভিবাসন অধিদপ্তরের হল রুমে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।
সংগঠনের সভাপতি জনাব রানা তসলিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগালের মান্যবর রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহীন সায়ীদ, সাধারণ সম্পাদক কবি মোরশেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান এবং কার্যকরী সদস্য জয় হাওলাদার সহ সংগঠনের নতুন সদস্যবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আরো উপস্থিত ছিলেন লিসবনের স্থানীয় সরকারি হাসপাতালের ডাক্তার ও বাংলাদেশিদের স্বাস্থ্য বিষয়ক প্রকল্প ‘বেঙ্গল লিসবোয়া প্রজেক্ট’ এর চেয়ারম্যান ক্রিশ্চিয়ানো ফিগুইরেডু সহ স্থানীয় বিভিন্ন সংস্থার পর্তুগিজ মানুষজন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সাংবাদিক এনামুল হক এবং গীতা পাঠ করেন পিএইচডি গবেষক বিশ্বজিত রায়। মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয় এবং সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বক্তব্য রাখেন তরুণ কমিউনিটি ব্যক্তিত্ব রনি হোসাইন, জয় হাওলাদার, শাহীন সায়ীদ ও সাংবাদিক মোঃ রাসেল আহম্মেদ। এসময় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর বিভিন্ন সামাজিক কাজকর্মের বর্ণনা করেন।
তানভীর আলম জনি এর উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ‘৪৭ থেকে ‘৭১ এবং ‘৭১ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সূচকে অগ্রগতির বাস্তব চিত্র প্রদর্শিত হয়। সর্বশেষে প্রদশর্নের ব্যবস্থা করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র। এছাড়াও বিজয় দিবসের কবিতা আবৃতি করেন প্রবাসী কবি মোরশেদ কমল, ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন নাঈমা ইসলাম বিথী ও স্বপ্নীল নিশান।
লিসবনের স্বনামধন্য এই সামাজিক সংগঠন পর্তুগালের মূল ধারার সাথে প্রতিষ্ঠার পর থেকে সরাসরি কাজ করে যাচ্ছে। পর্তুগাল এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস সহ গুরুত্বপূর্ণ দিবস সমূহে আয়োজন করে আসছে বিভিন্ন কর্মসূচি।