লিসবন (পর্তুগাল) থেকে মোঃ রাসেল আহম্মেদ।। বাংলাদেশী কারি শিল্পের জন্যে ইউরোপের বিখ্যাত জায়গা ইংল্যান্ড। সেখানকার প্রবাসী বাংলাদেশীদের একটা বড় অবদান আছে এই শিল্পের প্রসারের পেছনে। যুগের পর যুগ ধরে সেখান এই শিল্পের প্রসার ঘটিয়েছে বাংলাদেশী অভিবাসীরা।তবে ইদানিং নানা সমস্যার কথা শোনা যাচ্ছে ইংল্যান্ডের কারি শিল্প নিয়ে। ব্রিটিশ সরকারের কঠোর ইমিগ্রেশন নীতি কারণে দিনদিন কমে যাচ্ছে রেস্টুরেন্ট কর্মচারীর সংখ্যা। রেষ্টুরেন্টের ফ্রন্ট স্টাফ, কিচেন স্টাফ বা শেফ সংকট প্রবল। যার ফলে বন্ধ হয়ে যাচ্ছে অনেক বড় বড় ও নামীদামি রেষ্টুরেন্ট।
ঠিক একই সময়ে তার বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে ইউরোপের আরেক কর্মজীবিকার দেশ পর্তুগাল তথা লিসবনে। অভিবাসন প্রক্রিয়া সহজতর হওয়ায় ফলে পর্তুগালের রাজধানী লিসবনে আনাগোনা বাড়ছে হাজারো বাংলাদেশী সহ দক্ষিণ এশিয়ার অভিবাসন প্রত্যাশীদের। তাই জমে উঠেছে এখানে বাংলাদেশী কারি শিল্প তথা বাংলা খাবারের অসংখ্য রেস্টুরেন্ট।
পর্তুগালের রাজধানী লিসবনের কেন্দ্রস্থল ও ঐতিহ্যবাহী মার্তিম মনিজের বাংলাদেশী অধ্যুষিত এলাকা, রুয়া দো বেনফরমসোয় ঢুকলে মনে হবে, এ যেন ছোট্ট এক টুকরা ‘বাংলাদেশ’। এখানে বাংলাদেশীদের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং চাইনিজ প্রবাসীরাও বসবাস করেছেন।
পর্তুগীজ সরকারের ঘোষিত সহজ ইমিগ্রেশন আইনে বৈধতা লাভের আশায় ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে আসছে অসংখ্য অভিবাসন প্রত্যাশী বাংলাদেশী। এর ফলে নতুন করে আলোর মুখ দেখতে শুরু করেছে পর্তুগালের মার্তিম মনিজ এলাকার ‘রুয়া দো বেনফরমসো’ নামক রাস্তাটি। বর্তমানে এখানে বাংলাদেশী রেষ্টুরেন্ট ব্যবসার জমজমাট অবস্থা বিরাজ করছে।
যদিও ১৯৯৫ সাল থেকে এ শিল্পে বাংলাদেশীদের পদচারণা শুরু কিন্তু এর বিকাশ লাভ করে ২০১৪ সালের শুরুর দিকে। একের পর এক গড়ে উঠে বাংলাদেশী মালিকানায় প্রায় ২০ টির মত রেষ্টুরেন্ট। এই এলাকায় ঢুকলে যে কেউ বুঝে নেবে এখানে বাংলাদেশীদের বেশ ভাল আধিপত্য রয়েছে। রেষ্টুরেন্টের নামগুলোর সাথেও জড়িয়ে আছে বাংলাদেশের নানান ইতিহাস ঐতিহ্য এবং নিদর্শনের নাম।
যেমন স্পাইসি রেস্টুরেন্ট গ্রিল, স্পাইসি তান্ডুরী, সিতার, বেঙ্গল রেষ্টুরেন্ট, রাধুনী রেষ্টুরেন্ট, ঘরোয়া বাংলা রেষ্টুরেন্ট, বেঙ্গল ক্যাফে, বিসমিল্লা রেষ্টুরেন্ট-১, বিসমিল্লা রেষ্টুরেন্ট-২, ঢাকা রেষ্টুরেন্ট এন্ড সুইটস, বাংলা রেষ্টুরেন্ট, ফুড গার্ডেন, রুপসী বাংলা, এ এফ সি ক্যাফে এন্ড ফাস্ট ফুড, তাজমহল রেষ্টুরেন্ট, নিউ তাজ মহল রেষ্টুরেন্ট এবং মাতৃ ভান্ডার সহ আরো অনেক বাহারি নামের রেস্টুরেন্ট।
এ প্রসঙ্গে কথা হয় স্পাইসি রেস্টুরেন্ট এন্ড গ্রিল ও স্পাইসি তান্ডুরী এর কর্নধর যৌথভাবে সুমন আহমেদ এবং মোঃ দেলোয়ার হোসেনের সাথে। জানালেন এই শিল্পের নানান সম্ভাবনার কথা। বাংলাদেশী কমিউনিটির মানুষ সহ সাউথ এশিয়ান মানুষ প্রধানত খেতে আসে এখানে। পাশাপাশি বর্তমানে বিপুল সংখ্যক পর্যটক সহ স্থানীয় পর্তুগিজ মানুষজন ও আসছে।
বর্তমানে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এসব রেস্টুরেন্টে যুক্ত হয়েছেন উবার ইট, গ্লোব ও টেইক ওয়ে এর মত জনপ্রিয় অনলাইন ডেলিভারি সার্ভিসের সাথে। যা এই ব্যবসার প্রসারে আরো জোরালো ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করছেন।
এমন অবস্থা দেখে পর্তুগাল ট্যুরিজম বোড, লিসবন মিউনিসিপালিটি ও স্থানীয় প্রশাসন পর্তুগালে ঘুরতে আসা টুরিস্টদের জন্য মার্তিম মনিজের ‘রুয়া দো বেনফরমসোকে’ বিশেষায়িত ইন্ডিয়ান রেষ্টুরেন্ট জোন হিসেবে ঘোষনা করেছে।
বাঙ্গালীর সাদামাটা খাবার এবং ভারতীয় নানান মাসালাদার খাবারসহ রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারের ব্যবস্থা। পাশাপাশি চাহিদা অনুযায়ী পর্তুগীজ ও এ্যারাবিক খাবারও পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহের ব্যবস্থা রয়েছে।
তাই বাংলাদেশ, ভারত তথা এই উপমহাদেশের মানুষ পর্তুগালের লিসবনে বেড়াতে আসলে ঘরের খাবারের স্বাদ পেতে একবার হলেও ডু-মেরে যেতে হয় রুয়া দো বেনফরমসোয়। বর্তমানে সন্ধ্যা নামলে বিপুল পরিমাণ অভিবাসী, স্থানীয় মানুষজন এবং বেড়াতে আসা পর্যটকের দেখা মিলবে এসব রেস্টুরেন্টে।
শুধু লিসবনে নয় এমনটি লক্ষ্য করা যাচ্ছে সমগ্র পর্তুগালের বড় বড় সব শহরে। বিশেষ করে যেসব শহরে পর্যটকের আনাগোনা বেশি রয়েছে। পর্তুগিজরা আমাদের উপমহাদেশের খাবারের সাথে পরিচয় সেই পাঁচশ বছর আগ থেকে। তাই যেখানেই এমন রেস্টুরেন্ট গড়ে উঠেছে খুব অল্প সময়ের ব্যবধানে ব্যবসায়িক সাফল্য লাভ করেছে এর উদ্যোক্তারা।