হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে পরাজয়ের পর বিএনপি পথ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে । এ দল আজ জনবিচ্ছিন্ন ।
শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ি-চন্দ্রা ফ্লাইওভার নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সাহস বিএনপির নেই। নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া তাদের ব্যাপার। বিএনপি দিন দিন সংকুচিত হচ্ছে।
মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, পরবর্তী নির্বাচন বয়কটের মধ্য দিয়ে বিএনপি সর্বনাশার পথ বেছে নিলো। রাজনীতিতে এ দল পথহারা পথিকের মতো পথ খুঁজে পাবে না।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।