হাসান আহাম্মেদ সুজন, জামালপুর প্রতিনিধি:কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মুল্য ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে জামালপুর জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারী মোড় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে নেতৃবৃন্দ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপি জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারের ধানের নির্ধারিত মুল্য ১ হাজার ৪০ টাকা হলেও কৃষক পাচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। তিনি কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে দেশের অর্থনীতির প্রাণ কৃষকদের বাঁচানোর দাবি জানান। সমাবেশ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের কাছে জেলা বিএনপির নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, অ্যাডভোকেট রবিউল আলম বাবলু, মাইন উদ্দিন বাবুল, সাইফুল ইসলাম আলামিন, ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, মনোয়ার ইসলাম কর্ণেল, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, কৃষকদল নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার ও জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।