জার্মানবাংলা ডেস্ক: জাপান উপকূলে মধ্যাকাশে বিমানে জ্বালানি ভরার সময় দুই মার্কিন যুদ্ধবিমানের ধাক্কা লাগার পর দেশটির মেরিন কোরের পাঁচ সদস্য নিখোঁজ রয়েছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ খবর দিয়েছে।
কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার এফএ-১৮ হরনেট ও কেসি-১৩০ হারকিউলিস যুদ্ধবিমানের মধ্যে এ ধাক্কা লাগে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাদের নৌ আত্মরক্ষা বাহিনী বিমানে থাকা সাতজনের মধ্যে একজনকে উদ্ধার করেছেন।
এক সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইওয়াইয়া বলেন, উদ্ধার হওয়া ব্যক্তি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানে ছিলেন এবং স্থিতিশীল অবস্থায় তিনি মেরিন কোরের এয়ার স্টেশন ইয়াকুনিতে আছেন।
তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক, কিন্তু এ মুহূর্তে আমরা তল্লাশি ও উদ্ধারের ওপরই জোর দিচ্ছি। এ ঘটনার বিস্তারিত বের হওয়ার পর যথাযথ পদক্ষেপ নেবে জাপান।
এক বিবৃতিতে মেরিন কোর জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টার দিকে জাপানের উপকূল থেকে প্রায় ৩২২ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে।