দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৫৭ জনে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০৩ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ছয়জন এবং রাজশাহী বিভাগে চারজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন, যা চলতি বছরের সর্বোচ্চ মাসিক সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে।
ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যানেও জুলাই মাস সবচেয়ে উদ্বেগজনক। এ মাসে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুনে ১৩ জন প্রাণ হারান।
ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।