শিরোনাম :
রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত, আন্তর্জাতিক চাপ ছাড়া সমাধান কঠিন চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু দুই মন্ত্রীর বিদেশি নাগরিকত্ব ও আনুগত্য যাচাইয়ের দাবি, আইনি নোটিশ ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য জন্মের পরই একক ডিজিটাল পরিচয়পত্র, চালু হচ্ছে ‘এক-আইডি’ গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান

ডাকযোগে ফ্রিজ-মোটরসাইকেলও, দুই মাসে পরিবহন ৪০০ টন পণ্য

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

শুধু চিঠি, নথি বা ছোট প্যাকেট নয়—বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় এখন ফ্রিজ, মোটরসাইকেল, আলমারি, ওয়ারড্রবসহ ভারী ও বড় আকারের পণ্যও পাঠানো যাচ্ছে। চালুর পর গত দুই মাসে এ সেবার মাধ্যমে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন হয়েছে বলে জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের আইনে নিষিদ্ধ নয়—এমন যেকোনো পণ্য স্পিড পোস্টের মাধ্যমে পরিবহন করা যায়। ডাক বিভাগের গাড়িতে পণ্য ওঠানো-নামানো থেকে শুরু করে পোস্টম্যানের মাধ্যমে তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

পরীক্ষামূলকভাবে সম্প্রতি বেশ কয়েকটি মোটরসাইকেলও ডাকযোগে পাঠানো হয়েছে। একই সঙ্গে ফ্রিজ, আলমারি ও ওয়ারড্রবের মতো বড় আসবাবপত্র এবং শিক্ষার্থীদের কাঁথা, বালিশ ও বিছানাপত্রও পরিবহন করা হয়েছে। রান্নাঘরের দা-বঁটি-ছুরি, হাঁড়ি-পাতিল, প্রেসার কুকার ও ইন্ডাকশন চুলা থেকে শুরু করে এলইডি টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বাইসাইকেল এবং কীটনাশক স্প্রে মেশিনও এ সেবার আওতায় পাঠানো যাচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মৌসুমি ফলসহ গত দুই মাসে প্রায় ৪০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ডাক বিভাগের মাধ্যমে এত বড় পরিমাণ পণ্য পরিবহনের নজির আগে ছিল না। পণ্য যাতে নিরাপদে ও সহজে গ্রাহকের কাছে পৌঁছায়, সে জন্য সেবাটিকে আরও গ্রাহকবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রাহকদের সুবিধার জন্য চালু করা হয়েছে অনলাইন মাশুল নির্ধারণ ব্যবস্থা। এর মাধ্যমে পণ্য পাঠানোর আগেই সম্ভাব্য খরচ জেনে নেওয়া যায়। বর্তমানে রাজধানীর জিপিও ছাড়াও গুলশান, বনানী, মিরপুর ও উত্তরার কয়েকটি উপ-ডাকঘর থেকে সরাসরি পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক পার্সেলের জন্য রয়েছে বৈদেশিক ইএমএস সেবা।

সেবাটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করেছে ডাক অধিদপ্তর। স্পিড পোস্টে পাঠানো পণ্য জেলা শহর থেকে ঢাকায় সর্বোচ্চ ২৪ ঘণ্টা, এক জেলা থেকে অন্য জেলায় সর্বোচ্চ ৪৮ ঘণ্টা এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকায় সর্বোচ্চ ৯৬ ঘণ্টার মধ্যে বিলির জন্য প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে।

তবে নিরাপত্তার কারণে কিছু পণ্য স্পিড পোস্টে পাঠানো নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে বিস্ফোরক ও দাহ্য পদার্থ, ক্ষতিকর বা বিপজ্জনক রাসায়নিক, মাদকদ্রব্য, জীবন্ত প্রাণী, আগ্নেয়াস্ত্র এবং ভরা বা খালি গ্যাস সিলিন্ডার।

কম মাশুলে কেন এ সেবা দেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে কাজী আসাদুল ইসলাম বলেন, অর্থের অঙ্কের চেয়ে মানুষের সঙ্গে মানুষের সংযোগ স্থাপনকেই তিনি বড় অর্জন হিসেবে দেখেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগের সার্থকতা জনগণকে সেবা দিতে পারার মধ্যেই নিহিত বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ডাক বিভাগের সেবার প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে বলেও জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওই নির্বাচনে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। ভোট প্রদান থেকে শুরু করে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের তাৎক্ষণিক বার্তা পেয়ে প্রবাসী ভোটাররা অগ্রগতি জানতে পেরেছেন। এতে ডাক বিভাগের প্রতি তাদের আস্থা তৈরি হয়েছে।

মহাপরিচালক বলেন, নির্বাচনী অভিজ্ঞতার পর কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা ছাড়াই মানুষের মুখে মুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্পিড পোস্টের সুবিধার কথা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা ও বিষয়বস্তু নির্মাতারা এ সেবা থেকে বেশি উপকৃত হয়েছেন এবং নিজেরাই এর প্রচারে ভূমিকা রেখেছেন।

জনপ্রিয়তা বাড়ায় ভবিষ্যতে বাসাবদলের মতো বড় পরিসরের সেবাও চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সম্প্রতি একজন গ্রাহক এক জেলা থেকে অন্য জেলায় বদলি হয়ে বাসা পরিবর্তনের সময় পুরো বাসার আসবাবপত্র ডাকযোগে পাঠানোর আগ্রহ দেখিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ডাক বিভাগ এ ধরনের আন্তঃজেলা বাসাবদল সেবা দিয়ে থাকে। বাংলাদেশেও ভবিষ্যতে এমন সেবা চালুর লক্ষ্যে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবহন ও সরবরাহ সক্ষমতা গড়ে তোলা হচ্ছে।

এরই অংশ হিসেবে পরিবেশবান্ধব একটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৫০টি বৈদ্যুতিক মোটরসাইকেল সংগ্রহ করা হয়েছে। এসব যান পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় পরিচালিত হবে।

ডাক বিভাগের অভ্যন্তরীণ মেইল ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হচ্ছে। মহাপরিচালক জানান, সম্প্রতি সহকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালার পর ঢাকার তেজগাঁওয়ের কেন্দ্রীয় মেইল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রকে শতভাগ সক্ষমতায় ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সারা দেশ থেকে ঢাকায় আসা মেইল, ঢাকা থেকে সারা দেশে যাওয়া মেইল এবং ঢাকা শহরের অভ্যন্তরীণ মেইল—সবই একটি কেন্দ্র থেকে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা কার্যকর হয়েছে।

কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিসের সক্ষমতা সীমিত হয়ে পড়ায় সেখানকার চাপ কমাতেও নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। পরীক্ষার খাতা, গাছের চারা ও অন্যান্য পণ্য একসঙ্গে সামলানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তাই ঢাকা জিপিও ক্যাম্পাস সম্প্রসারণ করে সেটিকে শুধু বিদেশে পাঠানো এবং বিদেশ থেকে আসা আমদানি-রপ্তানি পার্সেলের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

তেজগাঁও, কমলাপুর ও ঢাকা জিপিও—এই তিনটি কেন্দ্রকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের মেইল ব্যবস্থাপনা পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কাজী আসাদুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে লাভের অঙ্ক ডাক বিভাগের কাছে মুখ্য নয়। সাশ্রয়ী মূল্যে নিরাপদ সেবা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও একসূত্রে যুক্ত করাই স্পিড পোস্টের মূল লক্ষ্য।

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্পিড পোস্ট সেবা চালু করা হয়। শুরুতে মৌসুমি ফল পরিবহনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে নিত্যব্যবহার্য বড় ও ভারী পণ্য পরিবহনেও এ সেবা সম্প্রসারিত হয়েছে।

সূত্র: ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সাক্ষাৎকার ও ডাক বিভাগের তথ্য

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD