জার্মানবাংলা২৪ ডেস্ক: তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় তেরিকদাগ শহরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
কর্মকর্তারা বলছেন, ভারী বর্ষণ ও ভূমিধসের কারণে ৩৬২ জন যাত্রী নিয়ে রোববার (৮ জুলাই) দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। এতে কমপক্ষে ১০ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রত্যদর্শীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধসের কারণে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ভাগ্যবশত, এতে অনেকে হতাহত হয়েছেন। তেকিরদাগের গভর্নর মেহমেত সেইলান দুর্ঘটনাটির জন্য ভারী বর্ষণকে দায়ী করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।