এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হার্টিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা ও ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক।
হার্টিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক শাহীন রেজা জানান, সোমবার সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হার্টিকুমরুল গোল চত্বরে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।