জার্মানবাংলা রিপোর্ট: কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) বাদ জুমা রাজধানীর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় আনুমানিক ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এছাড়া জানাজা শেষ হলেও অনেক মানুষকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে দেখা যায়। এ সময় অনেকে চোখের জলে প্রিয় মানুষটিকে শেষবারের মতো কান্না করতে দেখা যায়।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ঠিক সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। এ সময় শেষ বিদায় জানাতে উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, রফিকুল আলম, ফকির আলমগীর, কাজী হাবলু, প্রিন্স মাহমুদ, মানাম আহমেদ, শাফিন আহমেদ, হাসান আবিদুর রেজা জুয়েল, শাহেদ, শফিক তুহিন, তানজীর তুহীন, জয় শাহরিয়ার, ডিরকস্টার শুভ, অভিনয়শিল্পী সূবর্ণা মুস্তাফা, ফয়সাল, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, নির্মাতা সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। ছিলেন এলআরবি’র সদস্যরাসহ দেশের বেশিরভাগ ব্যান্ড সদস্যরা।
শহীদ মিনার বেলা সাড়ে ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় আইয়ুব বাচ্চুর স্টুডিও মগবাজারের এবি কিচেন প্রাঙ্গণে। সেখানে কিছুক্ষণ রাখার পর নিয়ে যাওয়ার কথা রয়েছে চ্যানেল আই কার্যালয়ে। এখানে ২য় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।
শুক্রবার মধ্যরাতে কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছানোর কথা আইয়ুব বাচ্চুর ছেলে ও মেয়ে। এরপর কাল শনিবার সকাল নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামের এনায়েত বাজারে, আইয়ুব বাচ্চুর জন্মস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করার কথা রয়েছে।
আইয়ুব বাচ্চু। গিটার জাদুকর কিংবা ব্যান্ড সংগীতের এক অভিধান! প্রায় চার দশক ধরে যার সুরের মন্ত্রণায় আকুল দেশের সব শ্রেণি-পেশার মানুষ। শহীদ মিনারের চিরবিদায়ের দিনেও প্রিয় মানুষটিকে বিদায় জানাতে উপস্থিত হয়েছেন তাদেরই একটি অংশ।
রাজনৈতিক নেতা, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, নির্মাতা কিংবা তার ভক্ত অনুরাগী- সবাই এসেছেন ছুটে! আর সে ভিড়ও কখনও কখনও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে লেগেছে। উপচে পড়া মানুষের লাইন জাতীয় শহীদ মিনার পার হয়ে চানখারপুলের মোড়ে গিয়ে ঠেকেছে! বিদায় অনুষ্ঠানে এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না।
উল্লেখ্য, গতকাল (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু। তড়িঘড়ি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সকাল ৯টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।